সেনাবাহিনীর সহায়তায় দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা

সড়ক নেই, নেই কোনো যানবাহন। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে স্থানীয়দের বাড়িতে পৌঁছাতেই লেগে যায় দুই থেকে তিন ঘণ্টা। অসুস্থ হলে চিকিৎসকের কাছে পৌঁছানো যেন তাদের জন্য এক কঠিন লড়াই। গুরুতর রোগীদের অনেক সময় কাঁধে করে ১০ থেকে ১৫ কিলোমিটার দূরের মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিতে হয়।

এমন বাস্তবতায় দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মহালছড়ি সেনা জোনের আওতাধীন দেবতাপুকুর এলাকার থলিপাড়া ও ছাতিপাড়ার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মহালছড়ি জোনের উদ্যোগে বৃহস্পতিবার দুর্গম এই এলাকায় দিনব্যাপী আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্প। এতে তিন শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা নেন। এ সময় রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন বলেন, মহালছড়ির এই দুর্গম এলাকায় আগে কোনো ধরনের চিকিৎসাসেবা পৌঁছায়নি। এমনকি সেখানে কোনো মেডিকেল ক্যাম্পও অনুষ্ঠিত হয়নি। বিষয়টি মহালছড়ি জোনের নজরে আসার পর দ্রুত মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।

তিনি বলেন, ‘আজ তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। পাহাড়ের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তারাও স্বতঃস্ফূর্তভাবে ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।’

স্থানীয়রা জানান, দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে অসুস্থ হলেও অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। বিশেষ করে জরুরি অবস্থায় রোগীকে কাঁধে করে দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিতে হয়। নিজেদের এলাকায় চিকিৎসাসেবা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা।

 

এনএএন টিভি