সরকারি তোলারাম কলেজ রেঞ্জার ইউনিটের উদ্যোগে ক্যাম্পাসে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রেঞ্জার গাইডার শামীমা পারভীন বলেন, “বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন রেঞ্জার ইউনিট সব সময় সামাজিক ও পরিবেশবিষয়ক নানা কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অনন্য উদাহরণ।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় উদ্ভিদের গুরুত্ব তুলে ধরে বলেন, “আমাদের শুধু বৃক্ষ রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি চারা রোপণের পর তা যেন বড় হয়ে ফল ও ছায়া দিতে পারে, সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিসিএস শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব মাজেদুল পলাশ এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার আবুল বাশার।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন রেঞ্জার রহিমা খাতুন রিমি ও মাসুদা আক্তার মনি। এ সময় আরো উপস্থিত ছিল সরকারি তোলারাম কলেজের রেঞ্জার ইউনিটের রেঞ্জার সদস্যবৃন্দ । কর্মসূচি শেষে কলেজ প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
