জাতীয় গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তির মঞ্চে লাল-সবুজের পতাকা ওড়াতে যাচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজ। আন্তর্জাতিক প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা ‘ফিবোনাচ্চি ইন্টারন্যাশনাল রোবট অ্যান্ড স্টেম অলিম্পিয়াড’ (FIRSO)-এর ন্যাশনাল জোনে গোল্ড মেডেল (স্বর্ণপদক) অর্জন করে সরাসরি ইতালির রোমে অনুষ্ঠিতব্য বৈশ্বিক ফাইনালে স্থান করে নিয়েছে প্রতিষ্ঠানটির তরুণ শিক্ষার্থীদের একটি গবেষক দল।
প্রতিযোগিতার জাতীয় রাউন্ডে সারাদেশের অসংখ্য উদ্ভাবনী প্রজেক্টকে পেছনে ফেলে সেরা স্থান ছিনিয়ে নেয় তাদের স্বাস্থ্যবিষয়ক প্রজেক্ট ‘স্বাস্থ্য বন্ধু’ (Sastho Bondhu)। আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ইতালির রোম শহরে অনুষ্ঠেয় ‘গ্লোবাল মেগা ফাইনাল’-এ এই প্রজেক্টটি বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উদ্ভাবনের নেপথ্যে তরুণ দুই উদীয়মান গবেষক ।

অসাধারণ এই সাফল্যের পেছনে রয়েছেন তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণীর দুই মেধাবী শিক্ষার্থী
মো. তাহমিদ ইসলাম হৃদম (প্রজেক্ট লিডার)
প্রতীম কান্তি সরকার শান্তনু
তাদের যৌথ প্রযুক্তিগত চিন্তাধারা ও উদ্ভাবনী প্রচেষ্টায় নির্মিত ‘স্বাস্থ্য বন্ধু’ প্রজেক্টটি জাতীয় পর্যায়ের বিচারকদের ভূয়সী প্রশংসা লাভ করে এবং সর্বোচ্চ সম্মাননা হিসেবে স্বর্ণপদক অর্জন করে।
শিক্ষার্থীদের এই অর্জনে দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জুগিয়েছে কলেজ প্রশাসন। প্রতিষ্ঠানটির মান্যবর অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম-এর সরাসরি তত্ত্বাবধান ও সার্বিক পৃষ্ঠপোষকতায় দলটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়। বিজয়ী দল অধ্যক্ষের এই সহযোগিতার প্রতি গভীর ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
একই সাথে টেকনিক্যাল দিক সামলানো এবং প্রজেক্ট তৈরিতে মূল মেন্টর হিসেবে নেতৃত্ব দিয়েছেন কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের তরুণ প্রভাষক জনাব মিঠুন বিশ্বাস। তাঁর দক্ষ নির্দেশনায় দলটি আন্তর্জাতিক মঞ্চের উপযোগী করে নিজেদের প্রজেক্টটি প্রস্তুত করতে সক্ষম হয়।
রোবোটিক্স ও স্টেমভিত্তিক এই অলিম্পিয়াডের জাতীয় রাউন্ডের সমাপনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি অ্যালিকজান্ড্রা এ. খলেভনয় (Alexandra A. Khlevnoy)। তিনি তোলারাম কলেজের শিক্ষার্থীদের এই আধুনিক উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তর্জাতিক মঞ্চে সাফল্য কামনা করেন।
আগামী ৩০ নভেম্বর থেকে রোমে অনুষ্ঠিতব্য বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে সগৌরবে উড্ডীন করতে টিম ‘স্বাস্থ্য বন্ধু’র জন্য সর্বস্তরের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শুভকামনা ও নিরন্তর ভালোবাসা জ্ঞাপন করছেন।
