কলাপাড়ায় নিখোঁজের দুইদিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দুইদিন পর আজ শনিবার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। রাইয়ান ওই গ্রামের রাসেল খানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে রাসেল খান তাঁর শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁর স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে ঘর লেপা ও ঝাড়ু-মোছার কাজে ব্যস্ত ছিলেন। সকাল ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে তাঁদের ঘরে স্ত্রীর বোনের স্বামী আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি আবার ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পরই শিশুটি নিখোঁজ হয়।

পারিবারিক বিরোধের জেরে আল-আমিন শিশুটিকে হত্যা করেছেন বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে আল-আমিনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করেন রুমানা বেগম। এর আগে ওই দিন দুপুরে পুলিশ আল-আমিনকে গ্রেপ্তার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card