কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি ভোটার আইডি কার্ড এবং চাকরি সংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। দুই আইডি কার্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তাছাড়া স্থানীয় ‘হোটেল সি পার্লের’ কর্মী ছিলেন।
তবে আইডি কার্ড দুটির প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। বুধবার দুপুরে বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, সুমি আক্তার মীমের মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যেতে পারে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এক নারীর মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
