গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লাঠিসোটা নিয়ে মিছিল

গোপালগঞ্জ শহরে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এ সময় ভয়ে-আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। তবে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, বিজিবি ও এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে মিছিল শুরু হয়। দুপুর দেড়টা পর্যন্ত শহরে অবস্থান করে বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিভিন্ন এলাকা থেকে ট্রাক, ভ্যান ও মোটরসাইকেলে করে শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন নেতাকর্মীরা। বেলা সাড়ে এগারোটার দিকে শহরে মিছিল বের করেন তারা। এ সময় বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

এদিকে, গোপালগঞ্জ সরকারি কলেজের গেটে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লেখা ব্যানার টানিয়ে দেয় বিক্ষোভকারীরা। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ হাদী চত্বরের সাইনবোর্ড খুলে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ নামে সাইনবোর্ড স্থাপন করা হয়।

Share this news as a Photo Card