ভারতে নতুন মোবাইল কিনে ‘ট্রিট’ না দেয়ায় বন্ধুকে হত্যা!

নতুন মোবাইল ফোন কেনার পর ট্রিট না দেয়ায় নিজের তিন বন্ধুর হাতে প্রাণ হারিয়েছে ১৬ বছরের এক কিশোর। ওই কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পূর্ব দিল্লির শকরপুরে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের সবার বয়স ১৬ বছর এবং তারা নবম শেণির ছাত্র।

পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অপূর্ব গুপ্ত জানিয়েছেন, তাদের একটি টহল দল সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে শকরপুরের রামজি সামোসার দোকানের কাছে একটি রাস্তায় রক্তের দাগ দেখতে পায় এবং তদন্ত শুরু করে।

তিনি আরও জানান, স্থানীয় লোকজন পুলিশকে জানায় যে একদল কিশোর একটি ছেলেকে ছুরিকাঘাত করেছে এবং তাকে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাটি সেখানে উপস্থিত সবার চোখের সামনেই ঘটেছে উল্লেখ করে পুলিশ কর্মকর্তা অপূর্ব বলেন, নিহতের নাম শচীন এবং সে কাছাকাছিই (শকরপুরের) থাকতো বলে জানা গেছে।

ডিসিপি জানান, হাসপাতালে নেয়ার প্রায় এক ঘণ্টা পরে শচীনের মৃত্যু হয় এবং তার পিঠে দুটি ছুরিকাঘাতের ক্ষত পাওয়া যায়।

পুলিশের তদন্তে জানা গেছে, শচীন এবং তার এক বন্ধু মোবাইল ফোন কেনার পরে বাড়ি ফেরার সময় ওই তিন কিশোরের সঙ্গে তাদের দেখা হয়।

ডিসিপি অপূর্ব গুপ্তা বলেন, ‘ওই তিন কিশোর ফোন কেনা উপলক্ষে পার্টি বা ট্রিট দাবি করেছিল। কিন্তু শচীন তা প্রত্যাখ্যান করে। একপর্যায়ে তাদের মধ্যে তর্ক শুরু হলে, শচীনকে ছুরিকাঘাত করা হয়।’

শকরপুর থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ ব্যবহার করেছে বলে জানিয়েছে এনডিটিভি।

এনএএন টিভি