সম্মন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা না নিয়ে স্বতন্ত্রভাবে পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম কে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৭০তম সভায় (বিশেষ সভা) বিস্তারিত আলোচনা শেষে অত্র বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে ভর্তি কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটসমূহ গঠন করা হয়। পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়।
পাঁচটি ইউনিট হলো এ- ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), বি- ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), সি- ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং ই- ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।
বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পূর্বের ন্যায় নিজস্ব পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি খুব দ্রুতই ভর্তি পরীক্ষা নিয়ে কার্যক্রম শুরু করবে।’
একাডেমিক কাউন্সিলিলে উপস্থিত একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির প্রেক্ষিতে উপস্থিত সম্মিলিত সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একটি কমিটি গঠন করা হয়েছে।

One Reply to “নিজস্ব পদ্ধতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে”
Comments are closed.