সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার(২৪ নভেম্বর) ভোরে উপজেলার বোয়ালিয়াতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উল্লাপাড়ার মাটিকাটা পাঙ্গাসীর মিজানুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২৫) এবং শাহজাদপুরের রতনকান্দি গ্রামের শফিকুল ইসলামে ছেলে নাইমুর রহমান (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, রোববার সকালে পাবনা-বগুড়া মহাসড়কের উল্লাপাড়ায় বোয়ালিয়া বাজার এলাকায় শাহজাদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। খবর পেয়ে হটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় নিয়ে আসে। তবে বাসটি পালিয়ে গেছে।
পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি আব্দুর রউফ।
