কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন এক বছর পর মঞ্চে ফিরে গান গাইতে গাইতে অসুস্থ হয়ে পড়েন শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’, অনুষ্ঠানে গান পরিবেশনের সময় এ ঘটনা ঘটে। এরপর তাকে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন বলেই জানা গেছে।
সংগীতশিল্পী দিঠি আনোয়ার সংবাদ মাধ্যমকে জানান, ‘সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত। অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেয়া হয়। আন্টি এখন ভালো আছেন। দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন।’
এদিকে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ জানান, ‘সাবিনা ইয়াসমিনের ভার্টিগো সমস্যা আছে। মঞ্চে গান গাইতে গাইতে ভার্টিগোর সমস্যায় পড়েন। মাইক্রোফোন স্ট্যান্ড হাত ধরে রাখতে পারছিলেন না। এরপর তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, সাবিনা ইয়াসমিন এখন ভালো আছেন।’
এইচএসবিসি বাংলাদেশের ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ শীর্ষক আয়োজনে শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল তার। আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে গান পরিবেশনের কথা রয়েছে তার।
২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় চিকিৎসাতেও ছিলেন সাবিনা।

One Reply to “হঠাৎ মঞ্চে অসুস্থ সাবিনা ইয়াসমিন, এখন কেমন আছেন এই শিল্পী”
Comments are closed.