রাবি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৯ মে থেকে শুরু হবে। যা চলবে ৩১ মে পর্যন্ত। পরীক্ষায় সেকেন্ড টাইমের সুযোগ থাকছে। রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রাথমিক আবেদন চলবে ১৫ মার্চ থেকে ২৭ মার্চ রাত ১২টা পর্যন্ত।

যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন চলবে আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। পরীক্ষায় ২০১২১ ও ২২ সালে উচ্চমাধ্যমিক (সমমান) উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এবছর এ (মানবিক), বি (ব্যবসা) ও সি (বিজ্ঞান) এই তিন ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক ঘণ্টা সময়সীমার এই পরীক্ষা চার শিফটে অনুষ্ঠিত হবে।

৮০টি বহুনির্বাচনি প্রশ্নের মান ১০০। প্রতি ৪ ভুল প্রশ্নের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, ১১টা থেকে ১২টা, দুপুর ১টা থেকে ২টা ও সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

আবেদনের যোগ্যতার বিষয়ে উল্লেখ রয়েছে, ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় মানবিক থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চতুর্থ বিষয়সহ নূন্যতম জিপিএ-৭, বাণিজ্য থেকে নূন্যতম ৭.৫ এবং বিজ্ঞান থেকে নূন্যতম ৮ পেতে হবে।

এছাড়া জিসিই (ও) লেভেল পরীক্ষায় পাঁটটি বিষয়ে এবং (এ) লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পর্যায়ে মোট ৭ বিষয়ের মধ্যে ৪টিতে বি এবং ৩টিতে সি গ্রেড পেতে হবে।

তাছাড়া ইংরেজি প্রশ্নপত্রে কেউ পরীক্ষা দিতে আগ্রহী হলে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরন করতে হবে।

Share this news as a Photo Card