জামালপুরে অবৈধভাবে ডিজেল মজুত, যুবকের ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল মজুতের অভিযোগে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন জানান, ডিজেল মজুতের অভিযোগে সাব্বিরকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Share this news as a Photo Card