জামালপুরে একই পাম্পে একাধিকবার তেল নেওয়ার অভিযোগে আটক ৩

জামালপুরের বকশীগঞ্জে একই ফিলিং স্টেশন থেকে বারবার তেল নেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটককৃত তিনজনকে জরিমানাও করা হয়।

সোমবার (১৩ এপ্রিল) পৌর এলাকার পরেশ চন্দ্র সাহা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

গ্রেফতারকৃতরা হলেন, শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া এলাকার আসাদুজ্জামান (২৫), জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর এলাকার হাসিবুর রহমান (২৮) এবং নয়াপাড়া এলাকার সুমন (২৫)। এর মধ্যে সুমনকে ৩ হাজার টাকা এবং আসাদুজ্জামান ও হাসিবুর রহমানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তেলের অপচয় রোধ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে একই গ্রাহকের একাধিকবার তেল নেওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে অভিযুক্তরা কৌশলে একাধিকবার তেল সংগ্রহ করছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যারা তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফিলিং স্টেশনগুলোতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।