টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ চাকা লাইনচ্যুত

গাজীপুরের টঙ্গীতে ব্রিজের দক্ষিণ পাশের রেললাইনে ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেনের পাঁচটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় পুরো রেললাইনটি বন্ধ হয়ে গেছে।

ফলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, ময়মনসিংহ ও উত্তর-পশ্চিমাঞ্চলমুখী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো টঙ্গী স্টেশনে নিয়ে রাখা হয়েছে।

বিমানবন্দর রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল হাসান বলেন, লাইনচ্যুত হওয়ায় অন্য রেল চলাচল বন্ধ রয়েছে। লাইনটি চালু করতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অপর লাইনটি সচল রয়েছে।

Share this news as a Photo Card