সোনারগাঁয়ে মৎস্যজীবী দলের সাবেক নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন সামির হোসেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন তায়েব।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে আসেন। খবর পেয়ে সামির হোসেন পুলিশ ডেকে তাঁকে আটক করার চেষ্টা করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে পালিয়ে যান। পরে এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন তিনি।

 

 

এ ঘটনার জের ধরে সন্ধ্যায় তায়েব শিকদারের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। এ সময় তাঁর মাকে গালিগালাজ, দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে।

সামির হোসেন অভিযোগ করেন, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেনসহ কয়েকজন তাঁর বাড়িতে হামলা চালিয়ে গুলি ছোড়েন। এ সময় তাঁর পিতার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়। এর আগেও তাঁর ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল বলে দাবি করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন সামির।

অন্যদিকে, তায়েব শিকদার ও এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, সামির নিজেই নিজের বাড়িতে ভাঙচুর ও ফাঁকা গুলি ছুড়ে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন। এছাড়াও সামিরের বাড়িতে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলে অথবা পুলিশ সঠিকভাবে তদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে জানান তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

 

 

Share this news as a Photo Card