গতরাতে উড়ানো কয়েকটি ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর পড়েছিল। এজন্য দুর্ঘটনা এড়াতে আজ সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। দুই ঘণ্টায় ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
আজ রবিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।
ডিএমটিসিএল সূত্র জানায়, গতরাতে ফানুসের ফলে মেট্রোরেলের বৈদ্যতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারতো।
ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ভরপুর ছিল ঢাকার আকাশ।
