ইসলামাবাদে সামাজিক অবক্ষয় রোধসহ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সচেতনতা সভা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ গজালিয়ায় সামাজিক অবক্ষয় রোধ, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গজালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আলেম-ওলামা, সমাজ সর্দার ও যুবসমাজের সচেতন সদস্যরা।

সচেতন যুবক আজিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য জুনায়েদ উল্লাহ জুয়েল। আলোচনায় অংশ নেন মাওলানা সরওয়ার কামাল, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আমির হোসাইন ও মাওলানা দিদারুল ইসলাম, হাফেজ সেলিম উল্লাহ্, হাফেজ আব্দু রাজ্জাক,শিহাব উদ্দিন শিহাবসহ তরুণ,যুব ও ছাত্রসমাজের নেতৃবৃন্দ।
যুব সমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে রক্ষা করা, বিয়ের অনুষ্ঠানে অশ্লীলতা, ডিজে ও নাচ-গানের অপসংস্কৃতি রোধ এবং যৌতুক প্রথার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে তরুণ প্রজন্মকে নামাজ ও ইসলামি নৈতিকতায় উদ্বুদ্ধ করা। অর্থাৎ একটি আদর্শ, শান্তিপূর্ণ ও ধর্মীয় মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠন করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ।

জনপ্রতিনিধিরা বলেন, আজ আমাদের সমাজের বড় একটি অংশ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদক, জুয়া, অশ্লীলতা ও যৌতুকের বিরুদ্ধে পরিবার, সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে। তাদের মতে, আমরা চাই গজালিয়া হোক একটি আদর্শিক সমাজের উদাহরণ। যুব সমাজের মাঝে ইসলামি অনুশাসনের চর্চা বৃদ্ধি করতে হবে। মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করতে পারলে মাদক ও জুয়ার প্রতি আসক্তি কমে আসবে।
আলেমরা বলেন, যৌতুক একটি সামাজিক ব্যাধি। ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ হারাম। বিয়ের নামে আজকাল যেভাবে অশ্লীলতা, ডিজে পার্টি ও গান-বাজনা হচ্ছে তা বন্ধ না করলে আমাদের আগামী প্রজন্ম নৈতিকভাবে ধ্বংস হয়ে পড়বে।

শেষে গঠিত হয় একটি প্রাথমিক কমিটি। এ কমিটির সদস্যরা গজালিয়ার বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করবে। ইসলামী ও সামাজিক মূল্যবোধ রক্ষায় কাজ করবে। স্থানীয়দের মতে, এমন সচেতনতামূলক সভা নিয়মিত হলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর