ঈদ করা হলো না ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু মারা গেছে। রোববার (১৬ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো: লিটন মিয়ার ছেলে মো. নাঈম (৯) ও শামিম মিয়ার ছেলে নয়ন মিয়া (৮)। এ ঘটনায় ঈদের আগে শিশু দুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, দুপুরে ছোট বাকাইল এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু মারা যায়। পরে ইলেকট্রিক মিস্ত্রি এসে ওই বাড়ির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন।

নিহত শিশু নাঈমের পিতা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে ময়নাতদন্ত মরদেহ দাফনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এনএএন টিভি