কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মো. ইদ্রিস আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম (দুলদুল ক্যাম্প) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী ত্রিশাল উপজেলার মিরাপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। তিনি এক বছর ধরে নগরীর পাটগুদাম এলাকায় বোনের বাড়িতে থাকতেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘ইদ্রিস আলীর কোনো সন্তান নেই, স্ত্রীও তাকে ছেড়ে চলে গেছেন। একাকী জীবনযাপন করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সম্প্রতি হৃদরোগেও আক্রান্ত হন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন পাটগুদাম এলাকায় পৌঁছালে তিনি ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এনএএন টিভি