কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরচাপায় এইচএসসি পরীক্ষার্থী দুই মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার ঢেঁকিয়ারাম এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সৌরভ আলী (১৯) ও বকিয়ত আলীর ছেলে প্লাবন মিয়া (১৮)। দুজনই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
স্থানীয়রা জানান, সৌরভ ও প্লাবন দুই বন্ধু মিলে পাশের চিলমারী উপজেলার থানাহাট বাজার থেকে মোটরসাইকেলে উলিপুর ফেরার পথে নিরাশির বাজার বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সৌরভ মারা যান। এ সময় গুরুতর আহত অবস্থায় প্লাবন মিয়াকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
