গাজীপুরে মোটরসাইকেল আরোহীদের পিটুনিতে প্রাণ গেল অটোচালকের

গাজীপুরে কোনাবাড়িতে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যা করেছেন মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা। মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগায় এই হত্যাকাণ্ড তারা।

শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ি মেট্রো থানার নাছের মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওই অটোরিকশা চালক হলেন-ঝিনাইদহ জেলার মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৫)। আমবাগ এলাকায় জাকির হোসেনের বাসায় ভাড়ায় বসবাস করতেন। ২ সন্তান ও স্ত্রীসহ বসবাস করে অটোরিকশা চালিয়ে সংসার চালাতেন তিনি।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদ নিজ অটোরিকশায় যাত্রী নিয়ে কোনাবাড়ি থেকে নাছের মার্কেটের উদ্দেশে রওনা হন। পরে মার্কেটটির মোড়ের কাছে অজ্ঞাতনামা মোটরসাইকেলের সঙ্গে তার অটোর ধাক্কা লাগে। পরে মোটরসাইকেলটির চালকসহ ৩ জন আরোহী তাকে এলোপাতাড়ি পিটুনি দিয়ে মারাত্মকভাবে জখম করেন।

 

তারা আরও জানান, স্থানীয় লোকজন মাসুদকে উদ্ধার করে কোনাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ পেয়ে সুকৌশলে মোটরসাইকেলের চালকসহ ৩ জন আরোহী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

নিহতের স্ত্রী সেলিনা আক্তার বলেন, আমার স্বামী মাসুদকে মোটরসাইকেলে এসে ১০ থেকে ১৫ জন যুবক পিটিয়ে হত্যা করে। আমি তার হত্যাকারীদের ফাঁসি দাবি করছি।

 

কোনাবাড়ী মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ আলী বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসাপতাল মর্গে প্রেরণ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করছি।

Share this news as a Photo Card