গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ঘরের মধ্যে থাকা টাকা পয়সা ও স্বর্ণলঙ্কার লুটের পাশাপাশি এক যুবককে হাত-পা বেঁধে হত্যা করে রেখে যায়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামের পল মজুমদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় পল মজুমদারের ছেলে পিয়াস মজুমদার (২২)কে হাত পা বেধে হত্যা করে ডাকাতদল।
জানাগেছে, পল মজুমদার খোকন একজন দন্তচিকিৎসক ও তার স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মধ্যে আজ মঙ্গলবার সকালে এরা দুজন কর্মস্থলে বেরিয়ে যায়। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তার ছেলে পিয়াস মজুমদার (২২) কে হাত পা বাঁধা অবস্থায় খাটের উপর দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় আশে পাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ দিকে ডাকাতরা পিয়াস মজুমদারের হাত পা বেঁধে টাকা পয়সা, স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানিয়েছেন পল মজুমদার খোকনের প্রতিবেশী সলমন মজুমদার। তিনি বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙ্গাচুরা এবং এলোমেলো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেই।
এ বিষয়ে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি পল মজুমদার তার ভাইয়ের স্ত্রীর কাছ থেকে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে রাখে এবং সে খবরটি যেকোন ভাবে দুস্কৃতিকারীদের কাছে পৌছে যায় আর এ কারনে ডাকাতি এবং হত্যা কান্ডের ঘটনাটি ঘটে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমরা বেশ কিছু তথ্য পেয়েছি সেটা অনুসন্ধান করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনতে পারবো বলে মনে করছি।
এনএএন টিভি / রিকি শেখ
