গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রাইভেটকার আরোহীর

গোপালগঞ্জে মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৩ মে) সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস-এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হন।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন এবং অপর ২ জন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রূপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। আহতরা হলেন- প্রাইভেটকার চালক সোহেল ও অপরজন নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০)।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ঘাতক বাসটিকে আটক করা হলেও বাসচালক পালিয়েছেন। তাদেরকে গ্রেপ্তাতের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card