ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত থেকে ২ কেজে ৩৩৫ গ্রাম ওজনের ০৪টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির দামুড়হুদা হুদাপাড়া সীমান্ত ফাঁড়ির সদস্যরা বৃহস্পতিবার (২৭ ফেব্রয়ারী) সন্ধা ৭ টার দিকে এই সোনা জব্দ করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি লেঃ কর্নেল অধিনায়ক মোঃ নাজমুল হাসান শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, চুয়াডাঙ্গা ৬ বিজিবি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি দামুড়হুদা উপজেলাধীন হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়িতে পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।
ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একটি আভিযানিকদল সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে এ্যাম্বুশ করে।
বিজিবি সশস্ত্র টহলদল সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হুদা পাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে মোঃ হারুনের (৩৫) বসতবাড়ীর অদূরে বিদ্যমান একটি পরিত্যাক্ত গোয়াল ঘরে তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ীর মালিক মোঃ হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়াল ঘরের ভিতর ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দ্বারা মোড়ানো ০২টি প্যাকেট জব্দ করে। বিজিবি টহলদল জব্দকৃত প্যাকেট হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২ কেজি ৩৩৫ গ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।
এ ব্যাপারে নায়েক মোঃ ইকবাল হোসেন (পিবিজিএম) বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা করতঃ জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
