ছাদে টিকটক ভিডিও বানানোয় শিক্ষকের মারধর; শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরায় টিফিন পিরিয়ডে স্কুল ছাদে বন্ধুর জন্মদিন পালন এবং টিকটক ভিডিও বানানোর অপরাধে শিক্ষকের মারপিটে শিকার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুলাই) দুপুরে জেলার নলতা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্র প্রতাপ চন্দ্র দাশ ওই স্কুলের  নবম শ্রেণীর ছাত্র। অভিযুক্ত শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক অবকাশ খাঁ, প্রধান শিক্ষক মোনায়েম পাড়।

এদিকে, এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ও শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকদের স্কুলের অফিসের মধ্যে অবরুদ্ধ করে রেখে স্কুলে ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে জানা গেছে,

‘বন্ধুর জন্মদিন উপলক্ষে স্কুলের ছাদে কেক কাটে প্রতাপ চন্দ্র দাশসহ তার কয়েকজন বন্ধু।

‘এ সময় তারা টিকটক ভিডিও করছিলো। বিষয়টি নজরে পড়ে সহকারী শিক্ষক অবকাশ খাঁর।’

‘তিনি ও ও প্রধান শিক্ষক এগিয়ে গিয়ে সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের নিষেধ করলে শিক্ষার্থীরা তার সাথে তর্কে জড়ায়।’

‘এ সময় তিনি তাদের চড়, কিল, ঘুষি মারেন। এর পরপরই বাড়ি চলে যায় প্রতাপসহ তার বন্ধুরা।’

নিহত প্রতাপের চাচি তাপসী দাশ জানান,

‘প্রতাপ স্কুল থেকে বাড়ি ফিরে টয়লেটে যায়। সেখান থেকে সে বমি করতে করতে বের হয়।’

‘তখন সে পরিবারের সদস্যদের তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে বলে। তাকে নিয়ে চিকিৎসকের উদ্দেশ্যে রওনা হলে পথেই মৃত্যু হয় তার।’

এদিকে, প্রতাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ এলাকাবাসী বাড়ি থেকে মরদেহ নিয়ে স্কুল চত্বরে ফিরে বিক্ষোভ শুরু করে।

এ সময় হাজার হাজার মানুষের বিক্ষোভে অংশ নেয়। তারা স্কুলের প্রধান শিক্ষকের রুমসহ বিভিন্ন কক্ষ ভাঙচুর করে।

সাতটি মোটরসাইকেল ভাঙচুরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান,

‘এ ঘটনায় দুইজন শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এনএএন টিভি