কুমিল্লায় ছোট্ট গৃহপরিচারিকা সুমির সারা শরীরে নির্যাতনের চিহ্ন। নগরীর ২১নং ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকায়
সাবেক ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফারহানা ইসলাম দম্পতির বাসায় গৃহপরিচারিকা হিসেবে কয়েক বছর যাবত কাজ করছে শিশুটি।
সাত বছর বয়সি সুমির ওপর প্রায়ই চালানো হতো নির্যাতন।
মঙ্গলবার তাকে ব্যাপক নির্যাতনের পর বাথরুমে তালা মেরে বন্দি অবস্থায় রেখে চলে যায় বাসার লোকজন।
খবর পেয়ে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ওই গৃহপরিচারিকাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জাঙ্গালিয়ার ওই বাসায় গৃহকর্মী সুমির চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
রাতে শিশুটিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) ক্যাজুলিটি বিভাগে ভর্তি করা হয়। সুমির চোখ, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায়ই ওই বাসা থেকে তারা কান্নার আওয়াজ শুনতে পেত।
মঙ্গলবার রাতে অনেক সময় ধরে কান্নার আওয়াজ শুনে পুলিশে খবর দেওয়া হয়।
এদিকে বুধবার বেলা ১১টার দিকে কুমেক হাসপাতালে চিকিৎসাধীন সুমির বক্তব্য নিতে গিয়ে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের হাতে লাঞ্ছিত হয়েছেন যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার খোকন চৌধুরী।
তিনি বলেন, খবর সংগ্রহকালে হঠাৎ একজন চিকিৎসক এসে আমার সঙ্গে অশালীন আচরণ করেন এবং পরে ধাক্কা দিয়ে ওয়ার্ড থেকে বের করে দেন।
তাদের এমন অশালীন আচরণের ভিডিও চিত্র ধারণ করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দীকি বলেন,
আমি শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম, খবর পেয়ে হাসপাতালে এসেছি, সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া বলেন,
খবর পেয়ে রাতে ওই বাসা থেকে শিশু গৃহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার জেলার লাকসাম থেকে গৃহকর্ত্রী ফারহানা ইসলামকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ওই গৃহকর্মীর বিস্তারিত পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন :
