সিলেটের ফেঞ্চুগঞ্জে এক মাজারের পাশে রক্তমাখা সদ্য নবজাতক শিশুকে কে বা কারা ফেলে রেখে যায়। স্কুলে যাওয়ার সময় বিষয়টি দেখতে পেয়ে নবজাতককে পরম মমতায় কোলে তুলে নেন তাহমিনা নামের এক স্কুল শিক্ষিকা।
সোমবার (১১ নভেম্বর) সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন অনেকেই। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা তাহমিনা ও স্থানীয় লোকজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স একদিন হবে। শিশুটি সুস্থ আছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, শিশুটি আমাদের হেফাজতে স্কুল শিক্ষিকার কাছে রাখা হয়েছে। ৭ দিন এরকম থাকবে। এর ভিতরে মা-বাবার সন্ধান পাওয়া না গেলে, কেউ দত্তক নিতে চাইলে দেয়া হবে অথবা সোনামনি নিবাসে পাঠিয়ে দেয়া হবে।
