জামালপুরের দেওয়ানগঞ্জে ৫০০ টাকার জন্য মুজাহিদ (০৫) নামে এক শিশুকে নদে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ মে) সকাল ৯টার দিকে নিখোঁজের ২০ দিন পর উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার পাটাধোয়াপাড়ার বহ্মপুত্র নদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত ১০ মে নিখোঁজ হয় ওই শিশু। নিহত মুজাহিদ ওই গ্রামের বাবুল আক্তারের ছেলে।
এ দিকে এ ঘটনায় মো. শামিম হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশ। সে একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, শিশু মুজাহিদ ৫০০ টাকার নোট নিয়ে বাড়ির পাশে একটি দোকানে কিছু কিনতে যাচ্ছিল। এ সময় শিশুটির কাছ থেকে টাকা কেড়ে নিতে কৌশলে ব্রহ্মপুত্র নদের কাছে ডেকে নিয়ে যায় শামিম। এরপর শিশুটির কাছে থেকে টাকা কেড়ে নিয়ে নদে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিল শিশু মুজাহিদ।
তিনি বলেন, নিখোঁজের ২০ দিন পর আজ সকালে শিশুটির মরদেহ নদে ভেসে ওঠে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনায় নিখোঁজের একদিন পর গত ১১ মে শিশু মুজাহিদের বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত মো. শামিমকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
তবে তার আগেই পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার শামিম ৫০০ টাকা কেড়ে নেয়ার জন্য ওই শিশুকে নদীতে ফেলে হত্যার দায় স্বীকার করেছে।
