দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মো. জামাল মিয়া (৪০) নামে প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
জামাল উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে তিন সন্তানের জনক।
স্থানীয়রা জানান, জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জামাল মিয়া। সেখানে নিজ উদ্যোগে একটি ভ্যারাইটি সুপারশপ গড়ে তোলেন। দোকানে একজন কর্মচারী রেখে তিনি ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বুধবার রাতে একদল সশস্ত্র ব্যক্তি তাঁর দোকানে হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন।
এ বিষয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনেছি। তাৎক্ষণিক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করেছি। সেখানে আমার পরিচিত একজন কর্মকর্তা আছেন। নিহত জামাল মিয়ার বৈধ কাগজপত্র পৌঁছালে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
