দিনাজপুরে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

দিনাজপুরের হাকিমপুরে গরুবাহী ভটভটির (শ্যালোচালিত ইঞ্জিনের) ধাক্কায় ধীমান কুমার ঘোষ ও আরিফ হোসেন নামে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। তারা দুজনে বন্ধু ছিল। শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাকিমপুর-বিরামপুর আঞ্চলিক সড়কের ডাঙ্গাপাড়া ভেলুপাড়া বটতলী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের ধীরাজ কুমার ঘোষের ছেলে ধীমান কুমার ঘোষ (৩০)। অপরজন তার বন্ধু একই উপজেলার দাউদপুর এলাকার আনারুলের ইসলামের ছেলে আরিফ হোসেন (৩৫)। মোটরসাইকেলে হাকিমপুর থেকে তারা বিরামপুরের দিকে যাচ্ছিলেন।

হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিরামপুর-হাকিমপুর সড়কের হাকিমপুরের রেলস্টেশন ডাঙ্গাপাড়া এলাকা অতিক্রম করে ভেলুপাড়া বটতলীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নছিমনের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে খবর পেয়ে হাকিমপুর থানা-পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নছিমনচালক পলাতক রয়েছেন।

 

এনএএন টিভি