নগরকান্দায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুরের নগরকান্দায় বাড়ির চলাচলের গলিপথের সীমানা নির্ধারণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন

শনিবার বিকালে উপজেলার কাইচাইল ইউনিয়নের মাঝিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, মাঝিকান্দা গ্রামের দবির হোসেন ও নিখিল মালোর পরিবারের চলাচলের গলিপথের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার এক সালিশ অনুষ্ঠিত হয়। যেখানে ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা হোসেন খান, মেম্বার শাহিন মাতুব্বরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সালিশে সমাধানের জন্য দুইমাসের সময় বেধে দেওয়া হয় উভয় পক্ষকে। কিন্ত দুই পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে উভয়পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন- নাগরী, নির্মল, সমীর, প্রদীপ, রীনা রানী, সাকিব, শাহিনুর, জোনায়েদ মোল্যা, দিপু মোল্যা।

এদের মধ্যে ইটের আঘাতে মারাত্বক আহত সমীরকে নগরকান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। সংঘর্ষের সময় স্বর্ণালংকার, নগদ টাকা লুট ও ভাংচুরের অভিযোগ করেন দুই পক্ষের লোকজন।

থানা পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।