নারায়ণগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পিয়ালকে দুই সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের রতনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোনারগাঁ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতনপুর এলাকা থেকে পিয়াল ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, ‘গ্রেফতার পিয়াল ও তার সহযোগীরা মাদক ব্যবসার পাশাপাশি মহাসড়ক, বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিল। পিয়ালের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।’

গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে জেলা আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মফিজুর রহমান।

এনএএন টিভি