নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নওগাঁর নিয়ামতপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রহিমুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন।

শনিবার (৩১ মে) সন্ধ্যায় উপজেলা কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রহিমুল ইসলাম উপজেলার রসুলপুর ইউনিয়নের মানপুর গ্রামের মৃত নেজাম উদ্দীনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পানিহারা এলাকা থেকে ধান বোঝাই একটি ট্রাক্টর নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে নওগাঁ জেলার পোরশা উপজেলার মুর্শিদপুর গরুর হাটে গরু ক্রয় করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। কোঁচপাড়া-মানপুর আঞ্চলিক সড়কের মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পড়ে যায়। অপরদিক থেকে ছেড়ে আসা ধান বোঝায় ট্রাক্টরের গতি নিয়ন্ত্রণ করতে না পাওয়ায় রহিমুল ইসলামের শরীরের উপর দিয়ে ট্রাক্টরের চাকা উঠে যায়। এতে ঘটনা স্থানেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক ছেলে দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনা স্থানে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার ও ধান বোঝায় ট্রাক্টার হেফাজতে নেওয়া। এখন আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এনএএন টিভি / মোঃ ইমরান ইসলাম