পুত্রবধূর সঙ্গে মায়ের ঝগড়া, অতঃপর…

রংপুরের কাউনিয়ায় মাকে হত্যার দায়ে জামিল মিয়া ওরফে ভেলন (২৫) নামে ছেলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জামিল মিয়া কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের সীট নাজিরদহ (ময়নুদ্দিনটারী) গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে লাল মিয়ার ছেলে।

আদালত ও মামলার বিবরণে জানা যায়, জামিলের স্ত্রী কাকলী বেগমের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হয়। এতে জামিলের স্ত্রী কাকলী রাগ করে তার বাবার বাড়ি চলে যান। এ ঘটনায় মাকে দোষারোপ করতে থাকেন ছেলে এবং তাকে হত্যার সুযোগ খুঁজতে থাকেন।

২০২২ সালের ১৯ আগস্ট রাতের খাবার শেষে জামিল ও তার মা একই ঘরে আলাদা বিছানায় শুয়ে পড়েন। একপর্যায়ে মা জামিলা ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন জামিল। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে বসতঘরের মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন।

এদিকে কয়েক দিন ধরে বাড়িতে জামিলাকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা তার খোঁজ নিতে থাকেন। পরে ২৪ আগস্ট জামিলের মামাতো বোন রোজিনা ওই বাড়িতে এসে জামিলার খোঁজে প্রতিবেশীদের নিয়ে ঘরে ঢোকেন এবং ঘরে দুর্গন্ধ ও মেঝেতে আলগা মাটি দেখতে পান। এ সময় প্রতিবেশীরা জামিলকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বসত ঘরের মেঝে খুঁড়ে মাটির নিচ থেকে মা জামিলার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ভাই ছামসুল হক বাদী হয়ে জামিলকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী ছিলেন মো. শামীম আল মামুন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের পিপি মো. আফতাব উদ্দিন বলেন, একজন ছেলের হাতে মায়ের মৃত্যু মানবিকতার চূড়ান্ত অবক্ষয়। আদালত দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণ করেছেন যে, অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়।

Share this news as a Photo Card