ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশুর মৃত্যু, আশঙ্কাজনক আরও ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক মহিলা মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আতিয়া (১১) ও জিদনি (১৪) মারা গেছে। গুরুতর দগ্ধ লামিয়া (১৩) বর্তমানে আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। বাকি দুই শিক্ষার্থী আসিয়া (১২) ও সুমাইয়ার (১৩) অবস্থা স্থিতিশীল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মাহেলা খাতুন বালিকা মাদ্রাসার ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ পাঁচ শিক্ষার্থীই ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী।

উদ্ধারকারী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার দিকে মাদ্রাসার তিনতলার ছাদে খেলাধুলা করছিল শিক্ষার্থীরা। ভবনটির পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে অথবা কোনো কারণে ছাদ বিদ্যুতায়িত হয়ে শিক্ষার্থীরা দগ্ধ হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকাজে অংশ নেওয়া সেলিনা বেগম বলেন, হঠাৎ ছাদ থেকে বিকট শব্দ ও শিশুদের চিৎকার শুনে তিনি ঘর থেকে বের হন। পরে স্থানীয় কয়েকজন পুরুষ ছাদে গিয়ে দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করে নিচে নামান। এরপর দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়।

 

এনএএন টিভি