ফতুল্লায় যৌতুকের দাবিতে আইনজীবী স্ত্রীকে মারধর

ফতুল্লার পাগলায় যৌতুকের দাবিকৃত টাকা না পেয়ে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে রাস্তায় বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে।

এ ঘটনায় রোববার (১৪ মে) দুপুরে মারধরের শিকার স্ত্রী সুপ্রিম কোর্টের আইনজীবী সুইটি খাতুন (৩৮) বাদী হয়ে স্বামী মো. নুরুজ্জামান আহম্মেদ জামান (৪০), ননদ শাহানাজ আক্তার শানু (২৭), শ্বশুর সাইফুল ইসলাম (৫৮) ও শাশুড়ি আয়েশা খাতুনকে (৫৭) আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ২০২০ সালের ২৭ জুন বাদীর সাথে অভিযুক্ত প্রধান আসামী মো. নুরুজ্জামান আহম্মেদ জামানের বিয়ে হয়।

বিয়ের পর থেকে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে বাদীকে প্রায় সময় শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করে আসছিল।

দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে বিয়ের পর থেকে তাকে নিজেদের বাসায়ও তুলে নেয়নি বাদীর স্বামীসহ অপর আসামীরা।

নির্যাতনের ভয়ে বাদী বিভিন্ন সময় বিভিন্ন তারিখে স্বামী নুরুজ্জামান আহম্মেদ জামানকে ৩ লাখ টাকা প্রদান করে।

১ মে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাদী তার স্বামীকে খুঁজতে পাগলা দেলপাড়াস্থ শ্বশুর বাড়িতে গেলে স্বামীসহ অপর আসামীরা বাদীকে এলোপাতাড়িভাবে মারধর করে রাস্তায় বের করে দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান জিয়া জানায়, মামলা হয়েছে।

অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

 

আরও পড়ুন :

এনএএন টিভি