ফতুল্লায় রাস্তা থেকে তুলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলীতে রাস্তা থেকে তুলে ইটভাটায় নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার এ ঘটনায় নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সোমবার (৯ জানুয়ারি) রাতে ফতুল্লার বক্তাবলী হাজীপাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাতে গ্রামের বাড়ি ফতুল্লা মডেল থানা সীমান্তের চর বক্তাবলী থেকে জেলার সদর থানার বাবুরাইল এলাকায় ভাড়া বাসায় আসছিলেন ওই গৃহবধূ।

বক্তাবলী হাজীপাড়াস্থ একটি ইটভাটার সামনে আসা মাত্র কবির (৩২), দেলোয়ার (৩৫), মঞ্জু (৩২), আলমগীর (৩৮) ও জালাল (৪৫) বাদীর মুখ চেপে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে নিয়ে গিয়ে মামলার প্রধান আসামি কবির বাদীকে জোরপূবক ধর্ষণ করে। এ সময় মামলার অপর আসামিরা ঘটনাস্থলের পাশে পাহারাদার হিসেবে নিয়োজিত ছিল।

ধর্ষণ শেষে অভিযুক্ত আসামিরা বাদীর সাথে থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় এবং ঘটনার বিষয়ে কাউকে বলা হলে বাদীকে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সোমবার রাতে ধর্ষণের ঘটনা ঘটলে ওই নারী মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামি কবির তার চার সহযোগীর সহায়তায় ওই নারীকে ইটভাটার পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card