ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার সুয়াদি এলাকার সিসিপিএল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে নড়াইলগামী একটি বাস পেট্রোল পাম্পে তেল নিতে প্রবেশ করলে একটি পিকআপ দ্রুতগতিতে এগিয়ে আসে। সেসময় জোরে ব্রেক করার ফলে বাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর ও ঢাকায় পাঠনো হয়েছে।
নিহতদের একজন বাসের সুপারভাইজার শরিফুল ইসলাম। তাৎক্ষণিক ভাবে অপর জনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে , বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গার কৈডুবী এলাকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
