ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে জেলা জজকোর্ট প্রাঙ্গন থেকে ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কোর্ট চত্বর ও শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম এ সাঈদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান (পিলু) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জসিম উদ্দিন মৃধা (জসিম)। এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং আইনজীবীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য লিগ্যাল এইড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যান্য আদালতের তুলনায় এখানে সেবা গ্রহণে হয়রানির মাত্রা অনেক কম। আইনের শাসন প্রতিষ্ঠায় লিগ্যাল এইড একটি অনন্য উদাহরণ।
তারা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠী যেন বিনা খরচে সহজে আইনি সহায়তা পেতে পারে, সেজন্য হাটবাজার, ইউনিয়ন পরিষদ, বিলবোর্ড, ফেস্টুনসহ নানাবিধ প্রচারণা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। বক্তারা জানান, গরিব ও অসহায় মানুষদের দ্রুত আইনি সেবা পৌঁছে দিতে লিগ্যাল এইড কার্যক্রম আরও জোরদার করা হবে।
শরিফুল ইসলাম / এনএএন টিভি
