ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে অপেক্ষমান অ্যাম্বুল্যান্সে থাকা নজরুল ইসলাম (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (০১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের চার নম্বর ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মৃত নবী মন্ডলের ছেলে।
বাংলাদেশ অভ্যান্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি আরো জানান, অসুস্থ্য নজরুল ইসলামকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গ্রামের বাড়ি মেহেরপুরে নিয়ে যাচ্ছিলেন তারা। রবিবার ভোর রাতে তাদের বহনকারী অ্যাম্বুল্যান্সটি পাটুরিয়ার চার নম্বর ফেরিঘাটে পৌঁছায়। কিন্তু পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে রাত আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পাটুরিয়া ঘাটে অ্যাম্বুল্যান্সের ভেতরেই তার মৃত্যু হয়।
তবে তার মৃত্যু নিয়ে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ করেন নি বলেও জানান তিনি।
