বাজার সংকটে ক্ষতির মুখে চাষি, চাষিদের বিকল্প বাজারের দাবি

সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে আম বিক্রির তৃতীয় দিনেও চলছে জমজমাট বেচাকেনা। সকাল থেকেই বাজারে ভিড় করেছেন আমচাষিরা। আগাম জাতের গোবিন্দভোগ ও গোপালভোগ আম নিয়ে এসেছে ভ্যান, যা বাজারের বাইরেও দীর্ঘ লাইন তৈরি করেছে।

বাজারজুড়ে চলছে মাপঝোঁক ও বেচাকেনা। তবে যানজটে ভোগান্তি বাড়ছে। চাষিদের তথ্য অনুযায়ী, আমের দাম মণপ্রতি ১৮০০ থেকে ২৪০০ টাকা, যা নির্ধারিত হচ্ছে আকার, রং ও স্বাদের ভিত্তিতে। চাষি মিজানুর রহমান জানান, “ভোরে এসেও জায়গা পাইনি, রাস্তার পাশে বসেই বিক্রি করছি।” একাধিক বাজার না থাকায় আড়তদাররা কম দামে কিনে নিচ্ছেন বলেও অভিযোগ তাদের। পাইকার রেজাউল করিম বলেন, “গোবিন্দভোগের স্বাদ ভালো হলেও পরিবহন ও প্যাকেজিং সমস্যায় দাম বাড়ানো যাচ্ছে না।” সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, “বাজার স্বাভাবিক রয়েছে। হিমসাগর আম বাজারে এলে বেচাকেনা আরও বাড়বে।” চাষিদের দাবি, বিকল্প বাজার ও ভ্রাম্যমাণ পাইকারি হাট চালু হলে ভোগান্তি কমবে, মিলবে ন্যায্য দাম।

প্রশাসনের পক্ষ থেকে বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে মাঠপর্যায়ে অব্যবস্থা ও বাজার সংকটে হতাশ চাষিরা কার্যকর উদ্যোগ চান।

এনএএন টিভি / আব্দুর রশিদ

Share this news as a Photo Card