ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
আহতরা হলেন খাদলা ইউনিয়নের শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলাম (২৮) ও মো. আজাদ হোসেন (২৬)। বর্তমানে তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতরাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে।
লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, ‘আমরা সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
