নেত্রকোনার বালই ব্রিজে লরি উল্টো ওয়াসিম মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২৭ মার্চ) সকালে মদন-খালিয়াজুরী সড়কে মদনের বালই ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক মদনের ফেকনি গ্রামের খাইরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবোঝাই লরিটি মদন থেকে খালিয়াজুরীর জগন্নাথপুর গ্রামে যাচ্ছিলো। পথে মদনের বালই ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শ্রমিক ওয়াসিম মিয়াসহ চারজন আহত হন।
তাদের উদ্ধার করে মদন হাসপাতালে নিলে চিকিৎসক ওয়াসিমকে মৃত ঘোষণা করেন।
মদন থানার উপপরিদর্শক মো. শাহজাহান মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
