ময়মনসিংহে চা পানের ১০ টাকার দ্বন্দ্বের জেরে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খুন, আটক-১

ময়মনসিংহের গৌরীপুরে চা পানের ১০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ১৩ জুন-২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার ছুরিকাঘাতে হুমায়ুন কবীর(২৪) নামের এক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তিনি ঐ ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আব্দুল কাইয়ুমের পুত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকাল প্রায় সাড়ে ৫টার দিকে হুমায়ুন কবীর ও সোহাগ মিয়া বাড়ি থেকে স্থানীয় পাছার বাজারে যাওয়ার পথে রানা ও বাদল ওদের পথরোধ করে।এ সময় হুমায়ুন দৌড়ে তারা মিয়ার চায়ের দোকানে গেলে তার পিছনে ওরাও দৌড়ে গিয়ে ছুরিকাঘাত করে তাকে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তার সঙ্গে থাকা সোহাগ মিয়া জানান,হুমায়ুন এবং সে একসাথে আসছিলেন। পাছার বাজারে আসার পথে সোনাকান্দি গ্রামের আব্দুর রাশিদ মাস্টারের বাড়ির পুকুর পাড়ে আসলে এ সময় একই গ্রামের আব্দুল কদ্দুছের ছেলে বাদল মিয়া ও শামসুল হকের ছেলে রাশেদুল রানা গতিরোধ করে তাকে দৌড়াতে থাকে। এ সময় আমি তাকে রক্ষা করার জন্য ছুটতে থাকি। হুমায়ুন জীবন বাঁচাতে তারা মিয়ার দোকানে ঢুকে পড়ে কিন্তু সেখানেও ঢুকে ওরা ছুরিকাঘাত করে। আমি বাঁধা দিলেও তাদেরকে নিবৃত করতে পারি নাই।পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে ওরা।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সহনাটী ইউনিয়ন পরিষদের সামনে আবুল কাসেমের দোকানে পানের ১০টাকা বিল নিয়ে রানা ও বাদলের ঝগড়া হয়। এ সময় হুমায়ুন সেই ঝগড়া মিটিয়ে ১০টাকা পরিশোধ করে দিয়ে আসে। এতে ওরা হুমায়ুনের উপর ক্ষিপ্ত হয় এবং পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ খান পাঠান সাব্বির বলেন, হুমায়ুন কবীর হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।তাৎক্ষনিক তার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের শহর প্রদক্ষিণ করে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ দিদারুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।

সুমন ইসলাম/ এনএএন টিভি