ফরিদপুরের বদরপুরে মারকায মসজিদে গোসলের সাবান নিয়ে বাগবিতণ্ডায় কাঠের তক্তা দিয়ে পিটিয়ে এক মুসল্লিকে হত্যা করেছে অপর এক মুসল্লি। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ জুলাই) দুপুর ১টার দিকে ফরিদপুর পৌর এলাকার মারকায মসজিদে এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুসল্লির নাম আব্দুল জলিল (৭০)। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।
এদিকে, ঘাতক পৌর সদরের ডোমরাকান্দি এলাকার বাসিন্দা মান্নান মুন্সীকে (৬০) মুসল্লিরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয় বাসিন্দা শাহিন চৌধুরী জানান,
‘মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দেশে বের হন মুসল্লিরা।’
‘তাবলিগের উদ্দেশ্যে মধুখালী থেকে আব্দুল জলিল মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে মসজিদে আসেন।’
‘বুধবার দুপুরে স্থানীয় ডোমরাকান্দি এলাকার বাসিন্দা মান্নান মুন্সী মসজিদে আসেন।’
‘গোসলের সাবান নিয়ে আব্দুল জলিলের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সী।’
‘এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল জলিল।’
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন,
‘খবর পেয়ে বিকেল ৫টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।’
‘মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।’
তিনি আরও জানান,
‘ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লিরা আটক করে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।’
‘নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

Comments are closed.