মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস, ১৪ দিন পরে মেয়ের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস নেওয়ার ১৪ দিন পর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শান্তি (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মৃত দেহটি শাহবাগ থানা পুলিশের হেফাজতে আছে।

নিহত শান্তি গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া গ্রামের বাসিন্দা শরিফ মণ্ডলের মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসের ২ মে শুক্রবার সকাল ৭ টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ দৌলতদিয়া গ্রামে শরিফ মণ্ডলের মেয়ে শান্তি (১৩) তার ছোট ভাই ৫ বছর বয়সী শাহাদতের সাথে দুষ্টুমি করার সময় মায়ের হাতে বকা খেয়ে অভিমান করে ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে পরে। বিষয়টি শান্তির মা বুঝতে পেরে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে বাড়ির অন্যান্য লোকজনের সহযোগিতায় দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে দায়িত্বে থাকা কর্তব্যরত প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে একদিন চিকিৎসা শেষে তার অবস্থা আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা মেডিকেলে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে সে মৃত্যুবরণ করেন।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং মৃত দেহের সুরতহাল প্রস্তুতপূর্বক পুলিশ কর্তৃক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

মোঃ হামজা শেখ/ এনএএন টিভি