নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ওসি আমির হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ইদ্রিসদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণি পড়ুয়া মেয়েকে জিল্লুর তার লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে।
কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে মা-মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় গত বুধবার থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।
