মুন্সিগঞ্জে নিখোঁজের ৩দিন পর অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের ৩ দিন পর মুজিবুর মাঝি (৪৫) নামের এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সদর উপজেলার পূর্ব রতনপুর এলাকায় রাস্তার পাশের একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুজিবুরের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়।

নিহতের ছেলে মো. রাসেল জানান, মুন্সিগঞ্জে থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মুজিবুর। সেখানে একাই থাকতেন তিনি। গত শুক্রবার মাওয়া যাওয়ার কথা বলে গ্যারেজ থেকে বের হন। এরপর থেকেই সে নিখোঁজ ছিলো। এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরিও করা হয়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুর আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত ও জড়িতদের গ্রেফতারে আইনগত প্রক্রিয়া চলবে।