রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লেগে বেশ কিছু গবেষণা ও বীজ উৎপাদনের তুলার বস্তা পুড়ে গেছে। সেই সঙ্গে পুরোনো ভবনের দেয়াল বিধ্বস্ত হয়েছে।
গতকাল বুধবার রাত ১০টার দিকে শহরের মডার্ন মোড় এলাকায় তুলা গবেষণা কেন্দ্রে আগুনে তুলা পুড়ে যায়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শওকত আলী প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুনের খবর পেয়ে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তুলা উন্নয়ন বোর্ডের দোতলায় গুদামঘর ছিল। কীভাবে আগুনের সূত্রপাত, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
তুলা গবেষণা কেন্দ্র সূত্র জানায়, রাত ১০টার দিকে হঠাৎ গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। কিন্তু নিয়ন্ত্রণ করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
