রাজধানীর রামপুরায় বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় একটি বাসার তৃতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. জুবায়ের (২১) ও মাইসা খাতুন (২০)। দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার এসআই বাসেদ মিয়া।

এসআই বাসেদ মিয়া জানান, তারা দুপুর সাড়ে ১২টার দিকে খবর পান। পরে টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। দুপুর পৌনে ১টার দিকে বাসাটির তৃতীয় তলায় গিয়ে দেখতে পান দরজা ভেতর থেকে বন্ধ। এরপর তিনি এলাকাবাসীকে ডাকেন। তাদের উপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলেছি। আত্মীয়স্বজনের ধারণা, তারা ভোরের দিকে মারা গেছেন। ছেলে জুবায়েরের মোটর মেকানিক কারখানা রয়েছে। তার গ্রামের বাড়ি পাবনা সদরের বলরামপুর গ্রামে এবং মনীষার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও গ্রামে। তারা দুজনে পরিবারের অমতে বিয়ে করে বলে ধারণা করা হচ্ছে। কারণ, মেয়ের পরিবার ছেলের বিষয়ে সবকিছু জেনে বিয়ে দিলেও ছেলের পরিবার কিছু জানত না।’

এসআই জানান, লাশ দুইটি উদ্ধারের সময় জুবায়ের মরদেহ সিলিং ফ্যানের সঙ্গে এবং মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় রামপুর থানা একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহাদাত হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ব্যবসায়ী জুবায়েরের সঙ্গে মাইসার দুই মাস আগে বিয়ে হয়। বিয়ের আগে থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর মালিবাগে ভাড়া বাসায় সংসার শুরু করেন তারা। আজ শনিবার ভোরবেলা জুবায়ের তার এক চাচাতো ভাইয়ের ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা দেন। তাতে অর্থ কোথায় বিনিয়োগ করা হয়েছে, সেটি উল্লেখ করেন। পরে সেই ব্যক্তিই পুলিশকে খবর দেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card